রাজধানী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ১৫তম প্রজাপতি উৎসব

শেয়ার করুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ১৫তম প্রজাপতি উৎসব
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৫তম প্রজাপতি উৎসব। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ উৎসবের আয়োজন করে আসছে। মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন জানান, এ আয়োজনে ‘বাটারফ্লাইস অফ বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হবে, যেখানে থাকবে ৩৬০ প্রজাতির প্রজাপতির ছবি, বায়োলজি ও সনাক্তকারী জিনভিত্তিক তথ্য। প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে উন্মুক্ত বাগান, প্রজনন ক্ষেত্র ও প্রজাপতি বান্ধব বৃক্ষও প্রদর্শিত হবে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে র‌্যালি, পাপেট শো, অরিগ্যামি প্যারেড, শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, প্রকৃতি ও প্রজাপতি কুইজ, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা। এবার ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড–২০২৫’ পাচ্ছেন সংরক্ষণবিদ আলী রেজা খান। ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড–২০২৫’ যৌথভাবে পাচ্ছেন সাব্বির আহমেদ, শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারি। টাইটেল স্পন্সর ‘কিউট’; সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন, আরণ্যক ফাউন্ডেশন ও বন বিভাগ। মিডিয়া পার্টনার চ্যানেল আই ও রেডিও ভুমি।
পছন্দ হলে শেয়ার করুন: