সর্বশেষ

জাহাজে লাফিয়ে উঠলো ৩ মন ইলিশ

শেয়ার করুন:
জাহাজে লাফিয়ে উঠলো ৩ মন ইলিশ
সাধারণত মাছ ধরতে জাল লাগে, কিন্তু এই ঘটনায় কোনো জাল ছাড়াই ইলিশ ধরা পড়েছে। দূর সমুদ্রে চলতে থাকা একটি লাইটার জাহাজে হঠাৎ লাফিয়ে উঠতে থাকে ইলিশের ঝাঁক—এক-দুটি নয়, প্রায় তিন মণ মাছ যেন বৃষ্টির মতো ডেকজুড়ে পড়ে। পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া পেরিয়ে প্রায় ৭০ কিলোমিটার দূরের গভীর সমুদ্রে এমভি কেএসএল গ্লাডিয়েটর জাহাজে ঘটে এই বিস্ময়কর ঘটনা। জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন ঘটনার ভিডিও ধারণ করে সাংবাদিকদের দেখান। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে এগোচ্ছিল জাহাজটি। ঠিক তখনই সমুদ্রের দুই পাশ থেকে ছোট ইলিশের দল আতঙ্কে দৌড়ে এসে লাফাতে লাফাতে ডেকে পড়ে। চোখের নিমেষে জাহাজ ভরে যায় রুপালি ইলিশে। নাবিকরা যতটা পেরেছেন কুড়িয়ে নিয়েছেন, বাকিটা আবার সাগরে গড়িয়ে পড়ে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব সরকারের মতে, বড় শিকারি মাছের তাড়া, জাহাজের আলো, শব্দ ও কম্পনের মতো কারণেই এমন ঘটনা ঘটতে পারে। আতঙ্কে ছোট ইলিশেরা জাহাজের দিকে ছুটে এসে পানির চাপের কারণে ওপরের দিকে উঠে ডেকে পড়ে যেতে পারে। নাবিকদের ভাষায়, এমন দৃশ্য জীবনে একবারই দেখা যায়।
পছন্দ হলে শেয়ার করুন: