জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছে আন্তর্জাতিক ফরেনসিক টিম
রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় নিরূপণে একটি আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, দলটি আগামী ৫ ডিসেম্বর দেশে পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে তাদের কাজ শুরু করবে।
রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারতের সময় তিনি এ তথ্য জানান। এসময় তিনি গণকবরে শায়িত শহীদদের কবরেও দোয়া করেন।
উপদেষ্টা জানান, শহীদদের পরিচয় শনাক্তের জন্য এখানে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা যৌথভাবে শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করবেন, যেখানে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।তিনি আশা প্রকাশ করেন, অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে এবং তাদের নাম শহীদদের তালিকায় যুক্ত করা হবে।