বাণিজ্য

স্বর্ণ রিজার্ভের বৈশ্বিক হিসাব: শীর্ষে যুক্তরাষ্ট্র, কোথায় দাঁড়িয়েছে বাংলাদেশ

শেয়ার করুন:
স্বর্ণ রিজার্ভের বৈশ্বিক হিসাব: শীর্ষে যুক্তরাষ্ট্র, কোথায় দাঁড়িয়েছে বাংলাদেশ
বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি ও ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের গুরুত্ব অটুট রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোও তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণকে অন্যতম নির্ভরযোগ্য সম্পদ হিসেবে ধরে রাখছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলসহ আন্তর্জাতিক আর্থিক সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ রিজার্ভ রয়েছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে। তাদের রিজার্ভে রয়েছে ৮,১৩৩.৪৬ টন স্বর্ণ—যা দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দেশের সম্মিলিত রিজার্ভের চেয়েও বেশি। তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জার্মানি ৩,৩৫৫.১৪ টন, ইতালি ২,৪৩৬.৯৯ টন, ফ্রান্স ২,৪৩৬.৩৮ টন, রাশিয়া ২,৩৩২.৭০ টন এবং চীন ২,২৭৯.৬ টন স্বর্ণ নিয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত চীন একাই তাদের রিজার্ভে আরও ৩৩১ টন স্বর্ণ যোগ করেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের মধ্যে ভারত ৮৭৬.২ টন, জাপান ৮৪৬ টন, তুরস্ক ৫৯৫.৪ টন এবং সৌদি আরব ৩২৩.১ টন স্বর্ণ রিজার্ভ ধরে রেখেছে। এদের অধিকাংশ স্বর্ণ সংগ্রহ করা হয়েছিল ব্রেটন উডস যুগে (১৯৪০–১৯৭০)। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে রয়েছে মাত্র ১৪.৮ টন স্বর্ণ—যা বৈশ্বিক মানদণ্ডে তুলনামূলকভাবে কম হলেও দেশের আর্থিক আস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও স্বর্ণকে রিজার্ভ সম্পদের প্রধান উৎস হিসেবে রাখার প্রবণতা অব্যাহত রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে।
পছন্দ হলে শেয়ার করুন: