অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ: স্বপ্নকে অনুসরণ করো, শীর্ষে পৌঁছানো সম্ভব
দেশবরেণ্য সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তরুণদের উদ্দেশে বলেছেন, জীবনে কোনও কিছু ছাড়তে হবে না। “নিজেকে জিজ্ঞেস করো, তোমার জীবন কী চায়? তোমার স্বপ্ন কী চায়? স্বপ্নকে অনুসরণ করো। স্বপ্নকে অনুসরণ করলে শীর্ষে পৌঁছে যাবে,” তিনি বলেন। ঢাকার সাভারে ব্র্যাক আয়োজিত দুই দিনব্যাপী ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বার্তা দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে ২৫০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন। এখানে তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ প্রদর্শন, মতবিনিময়, কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়। আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের বৈচিত্রের সৌন্দর্য সীমাহীন; মানুষ আঘাত পায়, ভেঙ্গে যায়, কিন্তু থামে না। “তোমরা থেমো না,” তিনি যোগ করেন।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং সমস্যা সমাধানের চিন্তা করতে হবে। তিনি বলেন, বেকারত্ব, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক বৈষম্য মোকাবেলায় তরুণদের এগিয়ে আসতে হবে।
প্রথম দিনে ‘ইয়ুথ ভয়েসেস একোয়িং দ্য এসেন্স অব চেঞ্জমেকিং’ সেশন এবং ‘দ্য ওয়ে টু সাকসেস’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে মনোনীত ১২টি প্রকল্পের মধ্যে ‘স্টোরিস অব ইনক্লুশন’, ‘জলশিখা’ ও ‘গুডডু টয়স’ তিনটি উদ্যোগকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়। বিজয়ী উদ্যোগগুলোকে ব্র্যাকের ‘সোশ্যাল এন্ট্রাপ্রেনিউরস ফেলোশিপ’-এর মাধ্যমে টেকসইভাবে বড় পরিসরে উন্নত করার সুযোগ দেওয়া হবে।
দ্বিতীয় দিন তরুণদের আত্মউন্নয়ন, ক্যারিয়ার নির্দেশনা ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা বিষয়ে কর্মশালা, সংলাপ ও আলোচনা অনুষ্ঠিত হবে।