তিন দিন পর পাইপলাইন মেরামত, নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি–মুক্তারপুর উড়ালসড়কের পাইলিংয়ের সময় ফেটে যাওয়া তিতাস গ্যাসের পাইপলাইন তিন দিন পর মেরামত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়, ফলে টানা ভোগান্তিতে থাকা আবাসিক ও শিল্প-গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম জানান, মাটির প্রায় ২৫ ফুট নিচে দুটি স্থানে পাইপ ফেটে যাওয়ায় মেরামত কঠিন হয়ে পড়ে। খননকাজে বারবার মাটি ধসে পড়ছিল। পরে লোহার পাত দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পাইপলাইন মেরামত সম্পন্ন করা হয়। বর্তমানে সব গ্রাহকই গ্যাস পাচ্ছেন।
গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁও এলাকায় পাইলিংয়ের সময় গভীরে থাকা পাইপে আঘাত লাগায় গ্যাস ফাঁস শুরু হয়। দুর্ঘটনা এড়াতে তিতাস পুরো এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে হাজারো গ্রাহক রান্না করতে না পেরে বাইরে থেকে খাবার কিনতে বাধ্য হন; অনেকেই লাকড়ির চুলা, ইলেকট্রিক চুলা বা সিলিন্ডারে রান্না করেন।
গ্যাস না থাকায় ফতুল্লা শিল্পাঞ্চলের ডাইং, সুইং, প্রিন্টিং, ফিনিশিংসহ বিভিন্ন শাখার কাজ বন্ধ থাকে, রপ্তানি সময়সূচিও ঝুঁকিতে পড়ে। রোলিং মিল, স্পিনিং মিলসহ অসংখ্য কারখানায় উৎপাদন থেমে যায়, ফলে মজুরিভিত্তিক শ্রমিকদের আয় কমে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও তিতাসের গাফিলতির কারণে এক বছরে ২৮ বার পাইপ ফেটেছে। তিতাসের কর্মকর্তা জানান, ভবিষ্যতে এমন সমস্যা আর হবে না।