প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছর সশ্রম কারাদণ্ড
পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৭ বছর করে মোট ২১ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
মামলাগুলোতে ব্যক্তি হিসেবে আসামি ২৩ জন হলেও তিন মামলার মোট আসামি ৪৭। প্রথম মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি ছিলেন। একটি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একমাত্র আত্মসমর্পণকারী আসামি ছিলেন রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম।
দুদক শেখ হাসিনা, তার পরিবারের সাত সদস্য ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ছয়টি মামলা করে। পরবর্তী তদন্তে তিন মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ৩১ জুলাই অভিযোগ গঠন হয়। আদালতে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ দুর্নীতি প্রমাণিত হয়েছে বলে সর্বোচ্চ শাস্তি চায়, আর আসামিপক্ষ মামলা হয়রানিমূলক দাবি করে। বাকি তিন মামলার রায় ১ ডিসেম্বর ঘোষণা হবে।