বাংলাদেশে আমদানি বন্ধ, সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশ স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। সীমান্তে মজুত থাকা প্রায় ৩০ হাজার টন পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। নাসিক থেকে ১৬ রুপি কেজি দরে কিনে পরিবহনসহ ২২ রুপি খরচে সীমান্তে আনা পেঁয়াজ এখন মাত্র ২ রুপি কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
মাহাদিপুর–সোনামসজিদ সীমান্তে ৫০ কেজির বস্তা মাত্র ১০০ রুপিতে বিক্রি হতে দেখা গেছে, যেখানে মালদহের বাজারে একই পেঁয়াজের দাম ২০–২২ রুপি। সীমান্তে ‘পানির দরে’ পেঁয়াজ মিললেও রপ্তানিকারকদের অভিযোগ, বাংলাদেশ হঠাৎ আমদানি বন্ধ করায় এত বড় সংকট তৈরি হয়েছে। তারা জানান, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসে ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, মাহাদিপুর ও হিলি সীমান্তে ৩০ হাজার টন পেঁয়াজ মজুত করা হয়েছিল, এর মধ্যে মাহাদিপুরেই প্রায় ২০ হাজার টন। রপ্তানি স্বাভাবিক থাকলে কেজিতে ৩০–৩২ রুপিতে বিক্রি করা যেত।
ক্ষতি কমাতে প্রতিদিন শতাধিক শ্রমিক দিয়ে পচা পেঁয়াজ আলাদা করা হচ্ছে। ব্যবসায়ী সাজিরুল শেখ বলেন, ২২ রুপিতে কেনা পেঁয়াজ এখন ২–১০ রুপিতে বিক্রি দিতে হচ্ছে। জাকিরুল ইসলাম জানান, দুই মাস আগেও প্রতিদিন ৩০–৩৫ ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হতো, এখন সব বন্ধ।
এদিকে সাধারণ ভারতীয় ভোক্তারা বলছেন, সীমান্তে দাম কমলেও খুচরা বাজারে এখনো ২০–৩০ রুপিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে।