শুরু হতে চলেছে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২
জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট-১’ পরিচালনা করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আগ্নেয়াস্ত্রের প্রয়োজন হবে, তাদের লাইসেন্স প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচনে অংশ নিতে যাওয়া যেসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র বর্তমানে সরকারের হেফাজতে রয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।