আন্তর্জাতিক

আইপিএলে মোস্তাফিজকে ঘিরে নিরাপত্তা শঙ্কা

শেয়ার করুন:
আইপিএলে মোস্তাফিজকে ঘিরে নিরাপত্তা শঙ্কা

আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে উত্তেজনা চরমে। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতে সৃষ্টি হয়েছে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সাম্প্রতিক পরিস্থিতিকে সামনে রেখে ভারতের উজ্জয়নের কয়েকজন প্রভাবশালী ধর্মীয় নেতার দেওয়া হুমকি আইপিএল কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই উদ্বেগ এখন বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের জন্য বড় মাথাব্যথা। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পাওয়া এই পেসারকে ঘিরে যখন কেকেআরের রণকৌশল সাজানো হচ্ছিল, তখনই বাধা হয়ে দাঁড়ায় ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠনের কঠোর অবস্থান।

উজ্জয়নের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথসহ কয়েকজন ধর্মীয় ব্যক্তিত্ব প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, মোস্তাফিজকে খেলানো হলে তারা স্টেডিয়ামে ঢুকে খেলা বন্ধ করবেন। এমনকি পিচ ভাঙচুরের মতো চরম হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে কেকেআরের ম্যাচ থাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আয়োজকদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাশাপাশি মোস্তাফিজের প্রাপ্যতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে তার অংশগ্রহণ সীমিত হতে পারে।

পছন্দ হলে শেয়ার করুন: