আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলার জনজীবন প্রায় থমকে গেছে। শনিবার ভোর ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
এই উচ্চ আর্দ্রতার কারণে ভোর থেকেই শীত আরও তীব্রভাবে অনুভূত হয়। হাত-পা জমে আসার মতো ঠান্ডায় এলাকার মানুষ কার্যত বিপাকে পড়ে।
এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরবর্তী তিন দিন (বুধবার থেকে শুক্রবার) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসেই স্থির ছিল।
গতকাল শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারপাশ হালকা কুয়াশায় আচ্ছন্ন। প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়া কমে গেছে। কেউ কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকেই শীতের তীব্রতায় ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য উঠলেও রোদের তাপ তেমনভাবে অনুভূত হচ্ছে না।
অন্যদিকে, নদীতে বালু তোলা শ্রমিকদের দুর্ভোগ বেড়েছে সবচেয়ে বেশি। ভোর থেকেই ঠান্ডা পানিতে নেমে কাজ করতে হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা কষ্টসহকারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে স্থির ছিল। আজ তা নেমে এসেছে ১১ ডিগ্রিতে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সামনে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।