চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাপছে পঞ্চগড়
টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। প্রচণ্ড শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে বের হতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া মানুষরা। একই সঙ্গে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যাও।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।
এর আগের দিন শনিবার (১৩ ডিসেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে শনিবার দিনে তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।