আবহাওয়া

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুকিপূর্ণ দেশ: বিশ্ব ব্যংক

শেয়ার করুন:
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুকিপূর্ণ দেশ: বিশ্ব ব্যংক
  বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়া পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি এবং এই অঞ্চলের মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপমাত্রার ঝুঁকিতে পড়বে এবং প্রায় এক–চতুর্থাংশ মানুষ গুরুতর বন্যার হুমকিতে থাকবে। এছাড়া বাংলাদেশের উপকূলে পানি ও মাটির লবণাক্ততা দ্রুত বাড়ছে, যা লাখো মানুষের জীবন–জীবিকাকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। ২৪ নভেম্বর প্রকাশিত ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ ক্রমেই পরিবারের ওপর এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপর গিয়ে পড়ছে। আগামী ১০ বছরের মধ্যে কোনো না কোনো আবহাওয়াজনিত ধাক্কায় পড়ার আশঙ্কা করছে দক্ষিণ এশিয়ার প্রায় তিন-চতুর্থাংশ পরিবার ও প্রতিষ্ঠান। যদিও ইতোমধ্যে ৮০ শতাংশ পরিবার এবং ৬৩ শতাংশ প্রতিষ্ঠান অভিযোজনমূলক পদক্ষেপ নিয়েছে, সেগুলোর বেশির ভাগই সাধারণ ও কম খরচের সমাধান। বাংলাদেশের উপকূলের ২৫০টি গ্রাম নিয়ে করা এক জরিপে দেখা গেছে, জলবায়ু–সহনশীল অবকাঠামোর ঘাটতিই স্থানীয় মানুষের সবচেয়ে বড় সমস্যা। দীর্ঘমেয়াদে ৫৭ শতাংশ পরিবার দুর্যোগ–সুরক্ষা অবকাঠামোর অপর্যাপ্ততাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ৫৬ শতাংশ পরিবার জানিয়েছে, প্রয়োজনীয় আর্থিক সক্ষমতার অভাবই তাদের অভিযোজনকে সীমিত করে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এই সংকট কেবল পরিবেশগত নয়; বরং মানুষের জীবন, জীবিকা ও বিশেষ করে দরিদ্র ও কৃষিনির্ভর পরিবারের টিকে থাকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশ্বব্যাংক জানায়, বাঁধ, সাইক্লোন শেল্টারসহ সরকারি বিনিয়োগ বাংলাদেশে প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের অভিজ্ঞতা থেকেও দেখা যায়, সামাজিক সুরক্ষা কর্মসূচি ও হালনাগাদ তথ্যভাণ্ডারের ব্যবহার দ্রুত সহায়তা পৌঁছাতে কার্যকর। তবে রাজস্ব সংকটের কারণে সরকারের সক্ষমতা সীমিত হয়ে পড়ায় বেসরকারি খাতকে অভিযোজনে উৎসাহিত করতে নীতিগত প্রণোদনা জরুরি।
পছন্দ হলে শেয়ার করুন: