ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আটক
১৮৯ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন।বিকেলে ওবায়েদ উল্লাহকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। তবে এই সময়ে আসামিপক্ষ থেকে কোনো জামিন আবেদন করা হয়নি। এর আগে সকালেই ধানমণ্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। গত ২৮ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের আছাদগঞ্জ শাখা থেকে নিয়মবহির্ভূতভাবে ঋণ গ্রহণের মাধ্যমে ১৮৯ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ, নুরজাহান গ্রুপের পরিচালক ওবায়েদ উল্লাহসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগ অনুযায়ী, মেসার্স মিজান ট্রেডার্সের নামে ছোলা ও গম আমদানির জন্য ঋণ অনুমোদন দেওয়া হলেও প্রকৃতভাবে সুবিধা নিয়েছে নুরজাহান গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেড। বেতনভোগী কর্মকর্তা মিজানুর রহমানকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ঋণ অনুমোদন ও উত্তোলন করা হয়। নুরজাহান গ্রুপের একটি নাম-সর্বস্ব প্রতিষ্ঠানের নামে শাখায় হিসাব খোলার পর সেই হিসাব পরিচালনার দায়িত্ব দেওয়া হয় জাসমীর ভেজিটেবল অয়েলের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদকে। নতুন প্রতিষ্ঠানের নামে বিপুল ঋণ মঞ্জুর করা হয় এবং ঋণের শর্তাবলি যথাযথভাবে পরিপালন না করেই পরিকল্পিতভাবে ব্যাংকের ৫১ কোটি টাকা যা বর্তমানে সুদে-আসলে ১৮৯ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে আত্মসাৎ করেন আসামিরা।