ইসরায়েলে নতুন সরকার গঠনের দৌড়ে বড় মোড় এসেছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পদে মনোনীত গাদি আইজেনকোট এবার তার প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকেই জোটের আলোচনায় ডেকেছেন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে আইজেনকোটকে।
তবে আলোচনার ডাক পেয়েই বেশ কিছু কড়া শর্ত দিয়েছে লিকুদ পার্টি। এর মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক বয়কট ও ব্যক্তিগত আক্রমণ বন্ধ করা, আরব দলগুলোকে জোট থেকে বাদ রাখা এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতার মতো শর্ত রয়েছে। এদিকে আইজেনকোটের নিজের জোটেও এ নিয়ে মতভেদ দেখা দিয়েছে।
অন্যদিকে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন আইজেনকোট। এসব সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।