বাণিজ্য

পোশাক খাতে ভয়াবহ ধস, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

শেয়ার করুন:
পোশাক খাতে ভয়াবহ ধস, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

বাজার হারাচ্ছে বাংলাদেশ, অন্য দেশে গেল ২৫৪ মিলিয়ন ডলার

ভয়াবহ বিপদে দেশের পোশাক খাত! মাত্র ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার, অন্য দেশে চলে গেল ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত ক্রয়াদেশ! চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে।


রোববার পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতাদের আস্থায় বড় ধরনের চিড় ধরেছে। এর ফলে ক্রেতারা ইতিমধ্যে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।


জরিপে জানা গেছে, কারখানাগুলো সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সময়মতো পণ্য পাঠাতে না পারায় বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো ও বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে মালিকদের। সংগঠনটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হওয়ায় প্রকৃত ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও অনেক বেশি হতে পারে। দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবিকা বাঁচাতে দ্রুত এই সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পছন্দ হলে শেয়ার করুন: