আইন-আদালত

গুমের মামলায় শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

শেয়ার করুন:
গুমের মামলায় শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি এ আবেদন পেশ করেন। ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৪ ডিসেম্বর আসামিপক্ষের শুনানির তারিখ নির্ধারণ করেছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। ১৪ জনকে গুম করার ঘটনায় ১৭ আসামির বিরুদ্ধে চারটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১০ জন আসামি গ্রেপ্তার রয়েছেন, যাদের মধ্যে আছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মোহাম্মদ মাহাবুব আলম, কে এম আজাদসহ আরও কয়েকজন সামরিক কর্মকর্তা। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ৭ আসামি পলাতক বলে উল্লেখ করা হয়। মামলাটি টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুমের অভিযোগকে কেন্দ্র করে করা হয়েছে।
পছন্দ হলে শেয়ার করুন: