দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান
দুর্নীতি দমন কমিশনেরসাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে । দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সোমবার (১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। এটি দুদকের ইতিহাসে প্রথমবারের মতো যে কোনো সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হলো।
দুদক সূত্রে জানানো হয়েছে, স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগী ছিলেন ইকবাল মাহমুদের ভাই সাদিক মাহমুদ বকুল। অভিযোগ রয়েছে, মিঠু ও বকুল পরস্পরের যোগসাজশে স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করলেও ইকবাল মাহমুদের প্রভাবের কারণে তারা দীর্ঘ সময় ধরে নজরদারির বাইরে ছিলেন।
ইকবাল মাহমুদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তিনি ঠিকাদার মিঠুর কাছ থেকে রাজধানীর গুলশানের অভিজাত এলাকায় দুটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। দুদক তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়গুলো খতিয়ে দেখবে। পাশাপাশি, তার ভাই সাদিক মাহমুদ বকুলের সম্পদের উৎসও অনুসন্ধানের আওতায় নেওয়া হয়েছে। দুদক জানায়, গত ১১ সেপ্টেম্বর গ্রেফতারের পর রিমান্ডে মিঠুর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইকবাল মাহমুদের নাম উঠে আসে।