নীরবতা চিৎকারের চেয়ে অনেক বেশি জোরালো: শাকিব খান
ঢালিউডের মেগাস্টার শাকিব খান—যিনি আসলে ঝড়ের নাম। তার যে কাজ, তা যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে নতুন লুকগুলো দর্শকদের মুগ্ধ করছে। এই ধারাবাহিকতায় এবার একেবারে রাজকীয় রূপে হাজির হয়েছেন ঢালিউডের কিং। নতুন লুকের সঙ্গে যে লেখা ক্যাপশনটি দিয়েছেন, তা যেন নীরবে অনেক কথা বলে দিচ্ছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই শুরু হয় আলোচনা।
ছবিতে ধবধবে সাদা শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে দেখা যায় শাকিবকে—একেবারে অভিজাত ও দাপুটে রূপে। কোটের কলার এবং হাতায় সোনালি সুতোর নিখুঁত কারুকাজ লুকটিকে দিয়েছে এক নতুন মাত্রা।
স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও গোঁফ-দাড়ি একত্রে শাকিবকে সত্যিকারের ‘প্রিন্স’ রূপে ফুটিয়ে তুলেছে; যার উপস্থিতি নীরব হলেও প্রভাব গভীর। ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, “যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।” মাত্র এই এক বাক্যেই তার আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও সময়কে বুঝে নেয়ার পরিপক্বতা স্পষ্ট হয়ে ওঠে।
শাকিবের পোস্টের মন্তব্যগুলোতে প্রশংসার ঝড় বইছে। একজন লিখেছেন, “মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স-এর জন্য শুভকামনা।” অন্য একজন মন্তব্য করেছেন, “শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।” আবার একজন লিখেছেন, “আগুন রে আগুন!”
গত মঙ্গলবার, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেই অনুষ্ঠানে তিনি এই নতুন লুক, অর্থাৎ সাদা কোটেই হাজির হন। সেখানে তিনি ‘বরবাদ’ সিনেমার জনপ্রিয় সংলাপ “জিল্লু মাল দে” বলে দর্শকদের মন মাতান। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও তিনি কথা বলেন