দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন এক ভীতিকর ও চরম উদ্বেগের জায়গায় পৌঁছেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক হিসাবে দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। যা ব্যাংকগুলো থেকে বিতরণ করা মোট ঋণের ৩২ শতাংশেরও বেশি! জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে ব্যাংকিং খাতের এই চিত্র ক্রমাগত অবনতির দিকে গেছে। ২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ১ লাখ ১২ হাজার কোটি টাকার ঘরে, যা সময় গড়ানোর সাথে সাথে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২০২৪ সালে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার কোটি টাকা, আর ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকায়। সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে প্রায় ৬ লাখ কোটি টাকায় ঠেকেছে।
ব্যাংক খাতে এই ভয়াবহ ঋণ জালিয়াতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার বিভিন্ন কঠোর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই বিষয়ে নিরলস কাজ করে যাচ্ছে।