রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভর করা যাবে না বলে কড়া নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলার বিচারকদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি জানান, তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা গেলেও, রায়ের কার্যকরী অংশ বিচারককে অবশ্যই নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্তে নিজস্ব মেধা ও আইনগত বিশ্লেষণকেই প্রাধান্য দিতে হবে।
এ সময় তিনি এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও মুঠোফোন বহন থেকে বিরত থাকার নির্দেশ দেন। পাশাপাশি মাদক ও অস্ত্রের মামলায় জিরো টলারেন্স নীতি অনুসরণ, শুনানিতে অকারণে সময় না বাড়ানো এবং দ্রুত মামলা নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।